ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের আয়োজনে ভাসাইন্যাদম ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন বিভাগের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে এলিফ্যান্ট রেসপন্স টিম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বকতিয়ার নুরে ছিদ্দিকী।
এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন। এছাড়াও ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান হয়রত আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের বেশ কিছু এলাকায় মাঝে মাঝেই বন্যহাতির আক্রমণে জনসাধারণ বিভিন্ন ভাবে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জনগণের সচেতনতা তৈরি করার মাধ্যমে ক্ষয়-ক্ষতি হ্রাসের লক্ষ্যে এ ধরনের কর্মশালা নিয়মিত অনুষ্ঠিত হবে বলে বনবিভাগের কর্মকর্তাগণ কর্মশালায় জানান।
