ঝুলন দত্ত, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন এলাকায় সড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে মাটি বিহীন বড় বড় গাছ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে, ফলে চলতি বর্ষা মৌসুমে যে কোন সময় মাটি ধসে গাছগুলো পড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এই সড়কে চলাচলরত চালক এবং যাত্রী সাধারনগণ।
রবিবার সরেজমিনে কাপ্তাইয়ের বড়ইছড়ি, লগগেইট, শিলছড়ি, চিৎমরম, বালুচরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কাপ্তাই-চটগ্রামের প্রধান সড়কের পাশে অনেক গাছের মাটি সরে গিয়ে শিকড় বের হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সড়কের নিচ দিয়ে চলাচল করছে অসংখ্য যানবাহন। যে কোন সময় মাটি ধসে ঐ সকল ঝ্ুঁকিপূর্ণ গাছ পড়ে প্রাণহানির ঘটনার আশঙ্কা করছে চালকরা।
কাপ্তাইয়ের আটো রিকশাচালক সমিতির সম্পাদক মোঃ ইমান আলী, সিএনজি চালক খোকন মল্লিক জানান, আমরা কাপ্তাই-চটগ্রামের সড়ক দিয়ে প্রতিদিন গাড়ি চালাই অনেক ভয়ে ভয়ে, বিশেষ করে কাপ্তাই লগগেইট এলাকায় বেশ কয়েকটি গাছ মাটি বিহীন ঝুঁকিপূর্ণভাবে হেলে পড়েছে। এ গাছগুলো বনবিভাগ চিহ্নিত করে অপসারণ না করলে যে কোন সময় সড়কে গাছ পড়ে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
লিচুবাগান সিএনজি চালক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব জানান, গত বর্ষা মৌসুমেও সড়কের ওপর গাছ পড়ে বেশ কয়েকবার সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, সেইসময় বেশ কয়েকটি সিএনজির ওপর গাছ পড়েছিল, অল্পের জন্য অনেক চালক এবং যাত্রী রক্ষা পেয়েছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিল উল রহমানের নিকট এ ঝুঁকিপূর্ণ গাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তারা এসে দেখে কার্যকর ব্যবস্থা নিবেন।
