নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
করোনার ভয়াবহতায় ক্রান্তিকালীন সময়ে বিপর্যস্ত হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর (৩৭ ব্যাটালিয়ন) বিজিবি জোন।
বৃহস্পতিবার লংগদু উপজেলা রাজনগর বিজিবি (৩৭ ব্যাটালিয়ন) জোনের উদ্যোগে গুলশাখালী বিজিবি ক্যাম্পে শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত এসব ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
রাজনগর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্নেল মোঃ তাজুল ইসলাম তাজ উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড ও শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজনগর বিজিবি জোন। তিনি বলেন, এলাকায় শান্তি, সম্প্রীতি বজায় থাকলে দ্রুত উন্নয়ন হয়। তিনি বলেন, আমরা অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি আগামীতেও থাকবো। আপনারা যে কোন সমস্যার প্রয়োজনে আমাদের তথ্য দিন। যাতে মানুষের সেবা দিতে পারি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জোনের উপ অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম, বিজিবি জোনের আরএমও ক্যাপ্টেন ফখরুল ইসলাম রাজন, সহকারী পরিচালক জামাল উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
