জিয়াউল জিয়া
রাঙামাটিতে প্রথম ডোজ নেয়া অর্ধেক মানুষই পাচ্ছেন না দ্বিতীয় ডোজ। ফলে ঈদের পর নতুন সরবরাহে ভরসা করতে হচ্ছে সবাইকে। এছাড়া পূর্বনির্ধারিত দিনে কেন্দ্রে গিয়ে টিকা না পাওয়া কিংবা এসএমএস পেয়েও টিকা নিতে না পারাসহ রয়েছে নানা ভোগান্তি।
বুধবার সকালে দ্বিতীয় ডোজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা।
নির্ধারিত তারিখে এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে অনেকেই টিকা না দিয়ে ফিরে যেতে দেখা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে টিকা না দেওয়ায় কোন সমস্যা হবে কিনা সেই বিষয়ে জানেন না তারা। এতে চিন্তায় পড়েছে সকলে ।
সুরাইয়া ইয়াছমিন নামের এক নারী জানিয়েছেন, টিকা দেয়ার নির্ধারিত তারিখ থাকলেও এসএমএস না পেয়ে কেন্দ্রে গিয়ে দেখেন টিকা দেয়া বন্ধ। তিনি জনান, আমার আজ টিকা দেয়ার নির্ধারিত তারিখ ছিল কিন্তু এসে দেখি কেন্দ্র বন্ধ। জানতে চাইলে তারা জানালো, টিকা নাকি শেষ হয়ে গিয়েছে, ঈদের পর আসলে তখন এসএমএস যাবে।
রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, রাঙামাটিতে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩২ হাজার ৬০২ জন আর দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন প্রায় ১৯ হাজার মানুষ। তিনি আরও জানান, বাংলাদেশের অনেক জায়গায় অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আমরা অনেক দিন টিকা কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি। আমরা আগে বলতাম ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিতে এবং এখন জানানো হয়েছে ১২ সপ্তাহের পরও দ্বিতীয় ডোজের টিকা নেয়া যাবে।
