নিজস্ব প্রতিবেদক
নারী উদ্যোক্তা হেনা চাকমার প্রতিষ্ঠান ‘হেনা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকালে রাঙামাটি জেলা শহরের টিএন্ডটি-দেবাশীষনগর মুখে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পথ চলা শুরু করেছে।
এ প্রসঙ্গে নারী উদ্যোক্তা হেনা চাকমা জানিয়েছেন, ‘হেনা বিউট পার্লার এন্ড ট্রেনিং সেন্টার, এটি আমার স্বপ্নের প্রতিষ্ঠান। আমাদের পাহাড়ের প্রান্তিক নারীদের এমন উদ্যোগ গ্রহনের ফলে তারা নিজেরা যেমনি প্রতিষ্ঠিত হবে; একই সঙ্গে কর্মসংস্থানও তৈরি হবে। আমার এই প্রতিষ্ঠানে অনেক নারীই কাজ করার সুযোগ পাবেন এবং এটি তাদের জন্য নিরাপদ কর্মস্থলও বটে। সঙ্গত কারণেই আমাদের সকলকেই উদ্যোগী হয়ে ওঠা জরুরি।’

আরেক নারী উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন রুমা জানান, ‘সমতলের মতো পাহাড়ের নারীরাও উদ্যোক্তা হয়ে উঠছেন। দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই পাহাড়ের নারীরাও আজ পিছিয়ে নেই। সরকারি-বেসরকারি চাকুরির পাশাপাশি নারীদের উদ্যোগী হয়ে ওঠার গল্প অন্যদেরকেও প্রেরণা যোগায়। তাই বিশ্বাস করি, হেনা চাকমার এমন উদ্যোগ পিছিয়ে থাকা নারীদের কর্মস্পৃহা বাড়াবে।’

রুমা অবশ্য এও বলছেন, বিগত কয়েক বছরে পার্বত্য রাঙামাটির নারীরা নানাভাবে উদ্যোক্তা উঠছেন। কেউ কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন, আবার কেউ কেউ ই-কমার্স ব্যবসায়ের দিকেও ঝুঁকছেন। এটি নিঃসন্দেহে মূল স্রোতের সঙ্গে নারীদের অংশগ্রহনের মাধ্যম।
