খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে যুক্ত হতে যাচ্ছে ইনটেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ)। ইতিমধ্যে তিনটি বেড বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ।
হাসপাতালের আলাদা একটি কক্ষ আইসিইউ’র জন্য বরাদ্দ রেখে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। ঈদের পর তিনটি বেডের সরঞ্জাম আনা হবে। তবে এর সুফল পেতে সময় লাগবে। কারণ আইসিইউ চালাতে যে প্রশিক্ষিত চিকিৎসক, নার্সসহ অন্য জনবল প্রয়োজন তা এই মুহুর্তে নেই।
এদিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট থেকে রোগীরা সহসা অক্সিজেন সেবা পাবে। লিকুউড অক্সিজেন প্ল্যান্ট ও বড় সিলিন্ডারের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন লাইন চালু করা হবে। একযোগে ১৫৬জন রোগীকে অক্সিজেন সেবা দেয়া সম্ভব হবে।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডাঃ নূপুর কান্তি দাশ জানান, আইসিইউ চালাতে যে প্রশিক্ষিত জনবল প্রয়োজন তা আমাদের নেই। চিকিৎসক, নার্সদের আইসিইউ চালানোর বিষয়ে প্রশিক্ষিত করতে হবে। এছাড়া লিকুইড অক্সিজেন প্লান্ট কিছু দিনের মধ্যে চালু করা হবে বলেও জানান তিনি।
