নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে পাহাড়ি জাতিগোষ্ঠি এবারও পালন করছে তাদের আদর্শিক সংগ্রামী নেতা মানবেন্দ্র নারায়ন লারমা (এমএন লারমা)’র ৩৪তম মৃত্যুবার্ষিকী। শুক্রবার এ উপলক্ষে খাগড়াছড়ি জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকালে সূর্যশিখা ক্লাব এর মাঠ থেকে শোক র্যালি বের করে জনসংহতি সমিতি (এমএন লারমা)। পরে চেঙ্গী স্কোয়ারে এসে লারমার প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে লারমার পাদদেশে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের সভাপতি সুধাসিন্ধু খীসা। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার দপ্তর সম্পাদক অমরসিং চাকমা, সাধারণ সম্পাদক আরাধ্য পাল খীসা।
এছাড়াও খাগড়াছড়ি, দীঘিনালা, লক্ষ্মীছড়িসহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত স্মরণসভা ও সমাবেশে বক্তারা এমএন লারমার আদর্শে উজ্জীবিত হয়ে পাহাড়ি জনগোষ্ঠির বৃহত্তর ঐক্য গড়ে তোলা, বিভেদ ও সংঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
