দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা, দেশজুড়ে হেফাজত ইসলামের তান্ডবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি প্রেসক্লাব।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এইসময় রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে তখন স্বাধীনতাবিরোধী শক্তি দেশজুড়ে তান্ডব চালিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জে প্রেসক্লাব ও সুর স¤্রাট আলাউদ্দিন খাঁ একাডেমিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কারজনক হামলা করেছে হেফাজতের কর্মীরা। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এসময় দেশে মৌলবাদী শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সরকারকে কঠোর হওয়ার আহবান জানান বক্তারা।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, সহ সম্পাদক শান্তিময় চাকমা, সদস্য সাইফুল বিন হাসান প্রমুখ।
