নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবি ও পাকিস্তানকে এই নারকীয় হত্যাযজ্ঞের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ওয়ান বাংলাদেশ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানিয়েছে সংগঠনটির রাঙামাটি জেলা কমিটি।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যে রাতে পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। পৃথিবীর ইতিহাসে একটি দেশে ওপর এমন জঘন্য অপরাধ আর সংগঠিত হয়নি। তাই ২৫ মার্চ দিনটি আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি রাখে। যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারে পাকিস্তানি হায়নারা ১৯৭১ সালের এই রাতে বাংলার নিরস্ত্র মানুষকে কিভাবে হত্যা করেছে।’

মানববন্ধনে বক্তৃতা করেন- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রদানেন্দু বিকাশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, শিক্ষাবিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য নিরূপা দেওয়ান, ওয়ান বাংলাদেশের রাঙামাটি জেলা কমিটির সভাপতি টুকু তালুকদার, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, আইনজীবী অ্যাডভোকেট তোষন চাকমা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
পরে সন্ধ্যায় শহিদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করেছে সংগঠনটি। এতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ বিশিষ্টজনরা অংশগ্রহন করেছেন।
