হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হলো লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে। এ উপলক্ষে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দিবসটি উপলক্ষে অনলাইন আলোচনা সভা, অনলাইনে রচনা লিখন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে পুরস্কার পৌঁছে দেয়া হয়।
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. আরিফ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশব থেকেই ছিলেন অত্যন্ত হৃদয়বান, মানবদরদি কিন্তু অধিকার আদায়ে আপসহীন। স্কুলজীবন থেকেই তাঁর মধ্যে নেতৃত্বের গুণাবলি পরিলক্ষিত হয়েছিল। তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা। এ দেশের মানুষের কাছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন সত্তা। তিনি আরো বলেন, এই দিনে আমি জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত এবং আগামী দিনের কর্ণধার শিশু-কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
এদিন জোহরের নামাজের পর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে প্রতিষ্ঠানের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দিনের শুরুতে সূর্যোদয়ের পরপরই প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।(বিজ্ঞপ্তি)
