নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা শহরের কাঁঠালতলী মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার সকাল ১১টায় সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার ত্রাণ সামগ্রী তুলে দেন জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।
সেনা সদস্যরা নিজস্ব রেশন বাঁচিয়ে মানবতার সেবায় এ সহায়তা দিয়েছে। ত্রাণ সহায়তা প্রদানকালে এলাকার কাউন্সিলর মো. জামাল উদ্দিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোন দুর্যোগপূর্ণ মূহুর্ত্বে জনগণের পাশে ছিলো। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা শহরের কাঁঠালতলী মসজিদ কলোনীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এমন কর্মকা- চলমান থাকবে।’
এদিকে একই সময়ে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমিতি। সংগঠনটির পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ লবন কেজি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, সাবান, বালতি, মগ, পাতিল, চামচ দেয়া হয়েছে। এসময় সংগঠনটির সভাপতি মো. মিজান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পেয়ারুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে রাঙামাটি জেলা শহরের কাঁঠালতলী খাদ্য গুদামের পার্শ্বস্থ মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই গেছে। আগুন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এই পরিবারগুলো।
