কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধীর (৪৫) মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ-বাহিনী সড়ক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান, ‘দীর্ঘদিন যাবৎ এলাকার একজন মানসিক প্রতিবন্ধী জঙ্গলে এবং এলাকার আশপাশে প্রায় ঘুরাঘুরি করতে দেখা যায়। রোববার ভোর ৬টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখে গভীর রাতে ওই পাগলকে বুনো হাতি আক্রমণ করে হাত, পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রাখে। পরে আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাই।’
রাঙামাটির সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব জানান, ‘বর্তমানে কাপ্তাইয়ে হাতির উৎপাত ব্যাপকহারে বাড়ছে। প্রতিদিন বুনো হাতির দল বেঁধে ক্যাম্পের ভিতর ও আশপাশে এলাকায় ঢুকে ক্ষতিসাধন করছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। রোববারের প্রতিবন্ধী মৃত্যুর ঘটনায় কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছর একই এলাকায় স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী বুনো হাতির আক্রমণে নিহত হয়। এনিয়ে জেলার কাপ্তাইয়ে গত ২ বছরে বুনো হাতির আক্রমণে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
