খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। ২৩, ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে উপজেলার কালাডেবা এলাকার সম্প্রু পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি হলেন সম্প্রু পাড়া এলাকার মৃত ফরিদ মৌলভীর ছেলে মিজানুর রহমান (৪২)
সরেজমিনে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, অন্যান্য দিনের মতো কয়েকজন শ্রমিক নিয়ে পাহাড়ের মালিক মিজানুর রহমান মাটি কাটতে যান। শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ পাহাড় ধ্বসে পড়লে মিজানুর রহমান মাটিচাপা পড়েন।পরে শ্রমিক এবং এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন,রামগড়ের বিভিন্ন স্থানে স্কেভেটর দিয়ে প্রকাশ্যে অবৈধভাবে কাটা হচ্ছে পাহাড় ও জমির টপ সয়েল।পৌর এলাকার বিভিন্ন সড়ক,ইটের ভাটা,বাড়ি নির্মাণ ও খাল ভরাটের জন্য এসব পাহাড়ের মাটি ও টপ সয়েল ব্যবহার করা হচ্ছে। কমদামে পাহাড়ে থাকা গাছপালা কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালীরা। সকাল থেকেই স্কেভেটর এবং শ্রমিক দিয়ে এসব পাহাড় ও জমির টপ সয়েল কাটা হয়।দিনে এগুলো ট্রাক,মিনি ট্রাক এবং ট্রাক্টরের মত ভারি যানবাহনে পরিবহন করা হয়।গ্রামীণ রাস্তায় এসব ভারি যানবাহন চলাচল করায় রাস্তাঘাট সহজেই নষ্ট হয়ে যায়।অসাধু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা মুখ খুলতে ভয় পায়।

উল্লেখ্য, ইতোপূর্বে রামগড়ের পূর্ব চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে মারা যাওয়া এক জনের লাশ উদ্ধার হয়েছে।এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
