নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বহুল প্রচরিত জাতীয় দৈনিক যুগান্তরের ২২ বছরে পদাপর্ন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসন সম্মেলনক্ষে কেক কাটা ও আলোচনার সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সিভির সার্জন ডা: অংসুই প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, বুদ্ধজ্যোতি চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ইউনিটের সাধারণ সম্পাদক এন.এ জাকির প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা’সহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের তৃতীয় চোখ। ২২ বছর একটি পত্রিকার জন্য কম সময় নয়। দীর্ঘ সময় ধরে সুনামের সহিত ঠিকে থাকা মানেই হচ্ছে পত্রিকাটি পাঠকপ্রিয়। দেশের মানুষের কাছে পত্রিকাটির গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। যুগান্তর দীর্ঘকাল বেচে থাকুক, মাটি মানুষের কথা বলুক। সফলতার পথে যুগান্তর এগিয়ে চলুক শুভ কামনা জানাচ্ছি।
