পার্বত্য চট্টগ্রাম প্রতিবেদন
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন কমিটির সভায় জেলার বিভিন্ন বিভাগের প্রধানদের ‘অনুপস্থিতি’ এবং প্রতিনিধি পাঠানোর প্রবণতায় অসন্তোষ প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবার পর এটি দ্বিতীয় সভা। এ সভায় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন সংস্থার প্রধানদের অনুপস্থিতি এবং প্রতিনিধি পাঠানোর প্রবণতা। সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হলে সামষ্টিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। এ জেলার উন্নয়ন আমার একার পক্ষে সম্ভব নয়। সম্মিলিতভাবে করতে হবে। এক মাসে একবার জেলার সকল বিভাগ একত্রিত হবার সুযোগ হয়। প্রতিনিধি না পাঠিয়ে বিভাগীয় প্রধানরা সভায় এলে জেলার উন্নয়নে তড়িৎ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।’ জাতীয় পর্যায়ে কোন জরুরি কর্মসূচি বা সভা না থাকলে ২৫ তারিখের জেলা উন্নয়ন সভায় উপস্থিত থাকার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
