তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার, আসক্তি রোধ এ প্রতিপাদ্যে শুরু হয়েছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এতে আরও উপস্থিত ছিলেন রানী দায়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সময়ের প্রয়োজনে আমাদের প্রযুক্তির সাথে মানিয়ে নিতে হবে। প্রযুক্তির বিপ্লবের মাধ্যেম আজ আমরা এ পর্যন্ত এসেছি। ভবিষ্যতে আরো এগিয়ে যাবো। তবে মনে রাখতে হবে আমরা যাতে প্রযুক্তির প্রতি আসক্ত হয়ে না পড়ি। বর্তমানে আমাদের শিক্ষার্থীরা অকারণে ইন্টারনেট ব্যবহার করে নিজেদের বিপদ ডেকে আনছে। এব্যপারে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। প্রতিটি বিদ্যালয়ে অন্তত মাসে একবার করে প্রযুক্তির অপব্যবহার রোধে সচেতনতামূলক সভার আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, ইন্টারনেট ব্যবহার করলে আমাদের জানতে হবে কোথায় গিয়ে থামতে হবে। তাছাড়া তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সারা দিন মোবাইল বা কম্পিউটারে মগ্ন থাকলে চলবে না, থাকাও যাবে না। যদি এমন হয় ধরে নিতে হবে তুমি আসক্ত হয়ে পড়ছো। প্রযুক্তিকে প্রয়োজনে ব্যবহার করতে হবে। নিয়মিত পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এটাও শিক্ষার একটি অংশ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুল আলী প্রাঙ্গণে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা নেন। মেলায় ১২টি স্টলে রাঙামাটির ১০ উপজেলার ২৪টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।
