নিজস্ব প্রতিবেদক
সারা বিশে^ ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ওপরের আস্থা রেখেছে বাংলাদেশ। রাঙামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমন কথাই জানালেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সাংবাদিক দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, আমাদের ভারত সরকার বারবার অঙ্গিকার করেছেন; তারা যখন ভ্যাকসিন ব্যবহার করবেন, আমরা একই সময়ে ভ্যাকসিন ব্যবহার করব। এটি ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই জানানো হয়েছে। আমরা ভারতকে বিশ^াস করি। আমরা ভারতের সঙ্গে বারবার আলাপ করেছি; তারা আমাদের এটা নিশ্চয়তা দিয়েছেন। আমরা অন্য দেশগুলোর সঙ্গেও আলাপ করেছি তাদের হলে আমাদেরকেও দেবেন জানিয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘এ মাসের শেষ নাগাদ সেরামের ভ্যাকসিন দেশে আসবে’ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানান, ‘মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস জানিয়েছেন, রোববার (১০ জানুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন পাওয়া নিয়ে তারা বৈঠক করছেন। এ মাসের শেষ নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে।’
এর আগে স্টেডিয়াম প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো, নূরুল আলম নিজামী।
আয়োজকরা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব। এই উৎসবে পর্বতারোহণ, নৌ-বিহার, কায়াকিং, হাইকিং ও ট্রেইল রান, টিম বিল্ডিং, ট্রেজার হান্ট, ট্রেকিং, ক্যানিওনিং, ট্রি ট্রেইল, রোপ কোর্স, জিপলাইন, রেপলিং, দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারী ইভেন্টসমূহে অংশগ্রহণের মাধ্যমে দুঃসাহসিক অভিযাত্রায় এক অন্যরকম ক্রীড়া অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা অর্জন করবে অ্যাডভেঞ্চাররা। উৎসবে তিন পার্বত্য জেলা থেকে ৫০ জন এবং দেশের অন্যান্য জেলা থেকে ৫০ জনসহ সর্বমোট ১০০ জন অংশগ্রহণ করছেন। যাদের প্রত্যেকেই ১৮-৩৫ বছর বয়সী নারী-পুরুষ। এর মধ্যে রাঙামাটি থেকে ২০, খাগড়াছড়ি থেকে ১৫ ও বান্দরবান থেকে ১৫ জন অংশগ্রহন করছেন।
