এখনো রাঙামাটি পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষণা না হলেও এই পৌরসভাটিতে জেতার জন্য নিজেদের মরিয়া প্রচেষ্টা এবং তীব্র আকাংখার ইঙ্গিত দিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার।
শনিবার তিনি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন- আমাদের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন র রাঙামাটি পৌরসভা নির্বাচন, এমন কঠিন সময়েও আমাদের ১২ জন নেতা প্রার্থীতা চেয়েছেন, সেখান থেকে যে কোন একজন পাবেন দলীয় মনোনয়ন, তাকে নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে, ২০১০ সালের মত এই পৌরসভাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে হবে। ব্যক্তি দ্বন্দ্ব যাতে দলে না আসে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আমরা মরিয় হয়ে নির্বাচনে কাজ করবো এবং জয় ছিনিয়ে আনবো।’
রাঙামাটি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপিন সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। এসময় বক্তব্য রাখেন সদর থানা ছাত্রদল সভাপতি তারেক আহম্মেদ, সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম, পৌর ছাত্রদল আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব জাভেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘স্বৈরাচারী সরকার মানুষের কণ্ঠ রোধ করে দিয়েছে। এই সরকারের পতন ঘটাতে পারে একমাত্র ছাত্রদল।’
তারা ছাত্রদল নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস দখলে নিন। ছাত্রদের কেউ দমন করে রাখতে পারেনা। অতীতে স্বৈরাচার এরশাদ সরকারের পতন দেখেছি। বর্তমান সরকারকেও আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।’
বক্তারা আরও বলেন, সংগঠনের মধ্যে মতের অমিল থাকতে পারে, ছোটখাটো বিভেদ থাকতে পারে। সেটাকে ভুলে গিয়ে একাট্টা হয়ে রাজপথে আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, তবে বিএনপিকে ক্ষমতায় আনতে পারবো না। তাই নিজেদের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না।’
তারা বলেন, একদিকে বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় রয়েছে, আর তার ছাত্র সংগঠন ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য করে যাচ্ছে। এহেন কোন অপকর্ম নেই যা তারা করছে না।
অনুষ্ঠানের প্রধান অতিথি দীপন তালুকদার দীপু আরো বলেন, ‘আজ সরকার ফ্যাসিবাদী আচরন করে জনগণকে জিম্মি করে রেখেছে, ভোটের অধিকার হরণ করে দেশে স্বৈরশাসন কায়েম করেছে।’
৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখা তিনদিন ব্যাপি কর্মসূচি পালন করে। কর্মসূচিগুলো হচ্ছে, শীতবস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্য চক্ষুশিবির।
Previous Articleরামগড়ে ১৪০টি কচ্ছপ উদ্ধার: নদীতে অবমুক্ত
Next Article রাঙামাটিতে ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
