আরমান খান, লংগদু ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। ২০৩ পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলার লংগদু বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা নিতে আসা আছমা বেগম বলেন, নানা সময় মহিলাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয়। সহজে গাইনি চিকিৎসক না পাওয়ায় মহিলারা নানা জটিল রোগে ভোগেন। আজ গাইনি ডাক্তারের কারণে আমরা ভালো চিকিৎসা ও পরামর্শ পেয়েছি। ভবিষ্যতে দুর্গম এলাকাগুলোতে এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর মাসুদ, ক্যাপ্টেন মরিয়ম ও ক্যাপ্টেন মশিউর।
