কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী, সদস্য (প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য (বাস্তবায়ন) মোহাম্মদ হারুন-অর-রশীদসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশের পর উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামীর সভাপতিত্বে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো’র উপস্থাপনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বোর্ডের কর্মকর্তাগণ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে শুধু আঘাত করা হয়নি, বাংলাদেশকে আঘাত করা হয়েছে এবং মহান মুক্তিযুদ্ধ চেতনাকে নৎসাত করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসময় তারা ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বাংলাদেশের ১৬ কোটি মানুষের সামনে প্রকাশে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী ও পরাজিত শক্তিকে চিরতরে মুঁছে ফেলার আহবান জানান।
