হেফাজত সবুজ ॥
রাঙামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, বাংলাদেস মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক লেঃ কমান্ডার তৌহিদুল ইসলামসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, এবং বিগত সভার গৃহিত সিদ্ধান্তসমূহের অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হয়।
রাঙামাটি চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি বেলায়েত হোসেন বলেন, রিজার্ভ বাজার নতুন বাস স্টেশনে যাত্রী ও সাধারণ মানুষের জন্য একটি গণশৌচাগার নির্মাণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বলেন নিচের রাস্তায় জায়গাও আছে শুধুমাত্র উদ্যোগের প্রয়োজন। জবাবে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আমাদের যে মডেলের গণশৌচাগার আছে সেগুলো স্থাপন করার মত জায়গা সেখানে নাই, তাই আগে একবার উদ্যোগ নিয়েও সেটি হাসপাতাল এলাকায় স্থানান্তর করতে বাধ্য হয়েছি।
জেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মাতব্বর বলেন, রিজার্ভ বাজার এলাকায় সব ব্যবসায়ীরা রাস্তা দখল করে পণ্য রাখাতে সাধারণ মানুষ ও গাড়ি চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে, সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর বলেন, দেশের যে কোন জেলা থেকে রাঙামাটির পরিন্থিতি অনেক ভাল। এখানকার সাধারণ মানুষ অনেক বেশি শান্তিপ্রিয়। এখানে যে সমস্যা আছে সেটার সমাধান খুব একটা সহজ নয়, এর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপার রয়েছে। তাই চাইলেও সহসা এর সমাধান সম্ভব না।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, বাজারের অব্যাবস্থাপনা দেখার জন্য বাজার ফান্ড প্রশাসন রয়েছে, নিয়ম অনুসারে এসব তো তাদের দেখার কথা, তারপরও জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে বিষয়টি নজরদারির নির্দেশ দেন। এছাড়া হ্রদ দখল রোধ, ফুটপাত দখল মুক্ত করা, পর্যটন নগরী হিসাবে রাঙামাটির সৌন্দর্যবর্ধন করার বিষয়ে সকল কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বস্ত করেন।
সভায় রাঙামাটির সাবেক পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
