রাঙামাটির পরিচিত সামাজিক সংগঠন ‘উন্মেষ’ সহ দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাওয়া তরুণদের ৩০ টি সংগঠনকে এ বছর জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেয়া হলো।
মঙ্গলবার রাত ৮টায় ইয়াং বাংলা আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই ৩০ সংগঠনকে বিজয়ী ঘোষণা করেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
এ বছর প্রথম পর্বে সামাজিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে ১৬টি যুব সংগঠন এবং দ্বিতীয় পর্বে সমন্বিত সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে ১৪টি যুব সংগঠন পেয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
বিজয়ীদের নাম ঘোষণার পর সজীব ওয়াজেদ জয় যুব সংগঠনগুলোকে নিয়ে বলেন, ‘আমাদের দেশে কেন যেন কিছু মানুষের একটা স্বভাব আছে যে, শুধু সমস্যা…এ সমস্যা ওই সমস্যার নালিশ করা। আমাদের বাংলাদেশ, আমাদের দেশ-এ দেশে এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে, এখানে পিছিয়ে আছি- এই নালিশ তারা সারাক্ষণ করে যায়। সেখানে এই যে ১৬টি সংগঠন এরা সমস্যা দেখছে, এরা নিজেদের চেষ্টায় নিজেদের মেধায় নিজেদের পরিশ্রম দিয়ে সে সমস্যার সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। তারা কিন্তু কোনো বিরাট সংগঠন নয়। এই যে ছোট ছোট সংগঠন, মাত্র হয়ত একজন ব্যক্তি, হয়ত একজন যুবক গ্রামে বসে পরিশ্রম করে যাচ্ছে। তারা নিজের চিন্তা, ধারণা দিয়ে সমাজের মানুষকে সাহায্য করছে ‘
আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তরুণদের প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান ‘জয় বাংলা’র নামে চালু করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
দেশ ও নিজ সমাজের উন্নয়নে কাজ করে যাওয়া তরুণদের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়। বিগত তিনটি আয়োজনের ধারাবাহিকতায় এবারও দেশ গঠনে কাজ করে যাওয়া তরুণদের ৬০০ সংগঠন থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করে ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের ৬০০ সংগঠন। সেসব সংগঠন থেকে বাছাই করে ৪৭টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত আসরের জন্য মনোনীত করা হয়। সেই ৪৭টি যুব সংগঠন থেকে সেরা ৩০টির নাম ঘোষণা করেন সজীব ওয়াজেদ জয়।
নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, দরিদ্রদের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, পরিবেশ সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনসহ আরও বেশ কিছু ক্ষেত্রে অবদানের জন্য আবেদনকারী সংগঠনগুলো থেকে বাছাই করে ৫০ সংগঠনকে রাখা হয় প্রাথমিক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ীর তালিকায়। এদের মধ্যেই আছে রাঙামাটির আলোচিত সামাজিক সংগঠন ‘উন্মেষ’, বেশ কয়েক বছর ধরেই যারা এ পার্বত্য এলাকায় কাজ করে যাচ্ছে।
ইয়াং বাংলা জানিয়েছে, ভার্চুয়াল এই অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও ল্যাপটপ পৌঁছে দেওয়া হবে।
সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তরুণদের ১৩০ সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন থেকে কাজের স্বীকৃতি পেয়েছে।
