বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক দেবাশীষ দত্তের নেতৃত্বে জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/ উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা, অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করে এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ অভিযোগ করেন, গত বছর ২৯ জুলাই সারাদেশে একযোগে জেলা ও দায়রা জজ এর মাধ্যমে আইন মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেয়া হলেও অদ্যাবদি তা আলোর মুখ দেখেনি। তারা জানান, আগামী ২৬ নভেম্বরের মধ্যে উক্ত দাবি আদায়ের দৃশ্যমান অগ্রগতি না হলে ২৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাবি আদায়ে মঙ্গলবার সারাদেশে তিন দফা দাবি সম্বলিত ব্যানার স্ব-স্ব আদালত প্রাঙ্গণে টানানো হয়।
