সাংবাদিক নামধারী অপসাংবাদিকতা রোধে খাগড়াছড়িতে জরুরি যৌথ সভা করেছে পেশাজীবি সাংবাদিকরা। শুক্রবার বিকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত পেশাজীবি সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া।
এতে সাংবাদিকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে খাগড়াছড়িতে অপসাংবাদিকতার চর্চা বেড়ে গেছে। ভূইঁফোড় অনলাইন ও অপরিচিত পত্রিকার পরিচয় দিয়ে বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজি ও হুমকি-ধমকি দিচ্ছে। পেশাজীবি সাংবাদিকদের কাজের পরিবেশ নষ্ট করছে।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম বলেন, বিভিন্ন ভূইঁফোড় অনলাইন ও পত্রিকার নাম দিয়ে টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। একটি উপজেলায় বিভিন্ন পদবি দিয়ে ৭ থেকে ১০ সাংবাদিক নিয়োগ দেয়া হচ্ছে। এতে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে।
খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল বলেন, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেলে বিভিন্ন পত্রিকা ও প্রেস স্টিকার ব্যবহার করছে। এই শ্রেণীর সাংবাদিক জেলাজুড়ে অপতৎপরতা চালাচ্ছে।
সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা ‘সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশের জন্য সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, অপসাংবাদিকদেরকে রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যে কাজ সামাজিক শৃঙ্খলা নষ্ট করবে।
খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া বলেন, কোন অবস্থাতে জেলার পেশাজীবি সাংবাদিকদের কাজের ক্ষেত্র নষ্ট করতে দেয়া যাবে না। এসব হলুদ সাংবাদিকদের কোন অবস্থায় পেশাজীবি সাংবাদিকদের সহযোগিতা না করে অনুরোধ জানান।
যৌথ সভা থেকে জেলার পেশাজীবি সাংবাদিকতার কাজের পরিবেশ ফিরিয়ে আনতে গঠিত যাচাই-বাছাই ও পর্যবেক্ষন কমিটি’র কার্যক্রম গতিশীল করা, হলুদ সাংবাদিকদের নাম তালিকাসহ বাংলাদেশ প্রেস কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে ও বাংলাদেশ সংবাদ পত্র পরিষদসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজিম উল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্জী, সাংবাদিক প্রদীপ চৌধুরী, সৈকত দেওয়ান, চিংমেপ্রু মারমা প্রমুখ।
