শুক্রবার বিকেল থেকে রাঙামাটি শহরের এডিসি হিল ক্রিকেট মাঠে শুরু হয়েছে ফ্রেন্ডশীপ টিটোয়েন্টি ক্রিকেট লীগ। গোলাম মোস্তফা ফাউন্ডেশন’র সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় প্রয়াত তিনজন প্রাক্তন ক্রিকেটার ইলতেজা,খোকন ও হামিদের নামে তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া তিনটি টীম অংশগ্রহণ করছে।
বিকেল তিনটায় প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম,জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ুন কবির, ক্রীড়া সংগঠক আবু সাদাত মো: সায়েম, সাবেক ক্রিকেটার ও আম্পায়র সৈকত রঞ্জন চৌধুরী এবং গোলাম মোস্তফা ফাউন্ডেশন এর পরিচালক ফজলে এলাহী।
উদ্যোক্তা আব্দুল করিম লালুর সঞ্চালনায় এইসময় বক্তারা এই প্রতিযোগিতার মাধ্যমে চলতি ক্রিকেট মৌসুমে ফের মাঠে ক্রিকেটাররা নেমে আসায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই ধরণের ছোট ছোট উদ্যোগ গুলোই মফস্বল শহর রাঙামাটির প্রতিভাবান ক্রিকেটারদের বড় বড় জায়গায় নিজেদের সামর্থ্যরে প্রমাণ রাখার সুযোগ তৈরি করে দেবে।’
প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসার আয়োজকদের হাতে কিছু ক্রিকেট সরঞ্জাম তুলে দেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি দেয়ার ঘোষণা দেন ক্রীড়া সংগঠক আবু সাদাত সায়েম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে মাঠটি সংস্কারে প্রায় এক কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে,যা শীঘ্রই শুরু হবে। একই সাথে মাঠে ক্রিকেটারদের প্র্যাকটিস সুবিধার জন্য নিজস্ব অর্থায়নে একটি পিচ তৈরি করে দেয়ার ঘোষণা দেন তিনি। একই সাথে মাঠটির যেকোন সংস্কার বা সহযোগিতায় সবসময় জেলা ক্রীড়া সংস্থা পাশে থাকবে বলেও প্রতিশ্রæতি ব্যক্ত করেন তিনি।
গোলাম মোস্তফা ফাউন্ডেশনের ফজলে এলাহী প্রতিযোগিতাটি প্রতিবছর নিয়মিতভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার প্রতিশ্রæতি দেন।
বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে ব্যাট ও বল করে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। সবকিছুর আগেই,প্রয়াত তিন ক্রিকেটার ও মরহুম গোলাম মোস্তফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত অতিথি ও ক্রিকেটাররা।
এই ক্রিকেট লীগের উদ্যোক্তা আব্দুল করিম লালু জানিয়েছেন, শহরের তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে তৈরি এই তিনটি দল লীগ ভিত্তিতে একাধিকবার পরষ্পরের মুখোমুখি হবে এবং প্রতিযোগিতা চলবে আগামী সাতদিন ধরে।
