রাঙামাটির লংগদু উপজেলার ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক আবু দারদা খান আরমান। এবার নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংবাদিক আরমান খান বিদ্যালয়ের একজন দাতা সদস্য এবং জাতীয় দৈনিক কালের কণ্ঠ, স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টুয়েন্টিফোর অনলাইনে কর্মরত আছেন।
এসএমসির সভাপতি ও সহ-সভাপতি মনোনয়ন উপলক্ষে বুধবার সকালে স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী (মিন্টু মাস্টার), এসএমসির সদস্য ও মাইনীমূখ ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের, স্থানীয় সমাজ সেবক আব্দুস ছালাম তালুকদার, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, শুক্কুর আলী প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দেওয়ানের পরিচালনায় আলোচনা সভা শেষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য সাংবাদিক আবু দারদা খান আরমানকে সভাপতি এবং চেয়ারম্যান প্রতিনিধি মো. আবু জাফরকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। মোট ১৩ সদস্য বিশিষ্ট এসএমসি আগামী দুই বছরের জন্য তাদের দায়িত্ব পালন করবেন।
