রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংক বাঙ্গালহালিয়া শাখার সহকারী ম্যানজার সেকান্দর আলীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত নয়টার দিকে ঘটনা ঘটে। সেকান্দর আলী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আবদুল গনির ছেলে বলে জানা গেছে।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙ্গালাহলিয়ার তালুকদার বিল্ডিংয়ে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানজারের বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি মারা যান।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান।
ওসি জানান, ঘটনাস্থলে ওসিসহ চন্দ্রঘোনা থানা এবং বাঙ্গালহালিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
