নোয়াখালীতে বর্বরোচিত নারী নিপীড়ন, দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে ভ্রাম্যমাণ প্রতিবাদী গান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় রাঙামাটি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন- খেলাঘর আসর রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও সদস্য পূর্ণিমা তালুকদার। পরে শহিদ মিনার প্রাঙ্গণে শুরু হয় ভ্রাম্যমাণ প্রতিবাদী গান। এসময় গানে-গানে ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদ জানায় সংগঠনটি। কর্মসূচিতে জেলা খেলাঘর আসরের সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় শহিদ মিনার প্রাঙ্গণ হতে প্রতিবাদী গানের ভ্রাম্যমাণ ট্রাকটি তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদী, বনরূপা, রিজার্ভবাজারসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় গান পরিবেশন করে।
