চার কোটি টাকা আত্মসাতের মামলায় রাঙামাটির কাউখালী থানায় একটি মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড রিসার্চ (সিসিডিআর)’র চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকালে জাহিদুলকে রাঙামাটি আদালতে তোলা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
এর আগে একই মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ জালাল উদ্দিন (৩২), কাউখালী ব্রাঞ্চ ম্যানেজার লিটন চাকমা। গত বছরের ৩০ নভেম্বর তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদিকে জাহিদুলের গ্রেপ্তারের খবরে রাঙামাটির গ্রাহকরা তাকে আদালত প্রাঙ্গণে দেখতে ভিড় জমায়। এসময় তারা আনন্দ প্রকাশ করে বলেন, যেকোনও মূল্যে তাদের লগ্নীকৃত টাকা উদ্ধার করে দিতে হবে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, রোববার দুপুরে জাহিদুলকে চট্টগ্রামে আটকের পর হস্তান্তর করে। সোমবার তাকে আদালতে তোলা হয়।
এদিকে সিসিডিআর লগ্নীকৃত অর্থ উদ্ধার কমিটির সদস্য সচিব খোকন কুমার দে বলেন, জাহিদুল ইসলামকে গ্রেপ্তারে আমরা আনন্দ প্রকাশ করছি। একই সাথে রাঙামাটি শহরে বিভিন্ন ব্যক্তির প্রায় ২০ কোটি টাকা লগ্নীকৃত অর্থ উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কাউখালীর ৯৮০ জন গ্রাহকের মধ্যে চার শতাধিক গ্রাহকের সঞ্চয় হিসাবের মেয়াদ পূর্ণ হয়েছে আরো দেড় বছরের পূর্বে। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়া গ্রাহকরা নির্ধারিত সময়ের পরেও তাদের টাকা ফেরত পায়নি। এক পর্যায়ে তারা ব্র্যাঞ্চ ম্যানেজারকে চাপ দেয় এবং অফিসে তালা ঝুলিয়ে দেয়। এরপর এক গ্রাহকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বিভিন্ন খবরে জানা যায়, সিসিডিআরে লগ্নীকৃত টাকা প্রায় ৫০ কোটি টাকার ওপর হবে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকের টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে সিসিডিআর কর্তৃপক্ষ। অজানা কারণে প্রশাসনও তেমন একটা গুরুত্ব দেয়নি বিষয়টি। বিভিন্ন জায়গায় টাকা উদ্ধারে মানববন্ধন, বিক্ষোভও চলে। সম্প্রতি রাঙামাটিতেও মানববন্ধনসহ আরো আন্দোলন করা হয়। এরপরও গ্রাহকের টাকা উদ্ধার করা যায়নি। অবশেষে কাউখালী থানার একটি মামলায় এনজিওটির মালিক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এখন গ্রাহকদের আশা, জাহিদুলের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতায় তাদের অর্থ এবার উদ্ধার করা সম্ভব হবে।

৫ Comments
আমরা আনেক টাকা পাবো। কিভাবে টাকা গুলো পাবো একটু বলবেন?
ami o onk taka pabo
আমি আগে জানতাম এমন কাজ হবে
ইনি তো জাহেদ না, জাহেদ উনি
গত মাসে এই সিসিডিআর এর মালিক বা প্রধান প্রশাসনিক কর্মকর্তা পাসপোর্ট এর জন্য আবেদন করেছেন ।। এই বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া হোক ।