সমাজের শান্তি বিনষ্টকারী স্বার্থন্বেষী মহলের অহেতুক রোষানল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে কাউখালী উপজেলায় বসবাসকারী চাকুরীচ্যুত আনসার সদস্য মোঃ ফরিদ খন্দকার ও তার পরিবার।
শনিবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকুরিচ্যুত আনসার সদস্য মোঃ ফরিদ খন্দকার। এসময় তার স্ত্রী মনোয়ারা বেগম, চাচা মোঃ হোসেন ও ভাতিজি জামাতা মোঃ সেলিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকুরীচ্যুত আনসার সদস্য মোঃ ফরিদ খন্দকার বলেন, আমার নিকট আত্মীয়-স্বজনের যোগসাজসে কিছু স্বার্থন্বেষী মহল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করছে। ইতোমধ্যে আমাকে ও আমার পরিবার নিয়ে যে সমস্ত সংবাদ পরিবেশন করা হয়েছে সব বানোয়াট ও ভিত্তিহীন। তার বিরুদ্ধে জমি জবর দখল, টাকা আত্বসাৎসহ বিভিন্ন আজগুবি তথ্য দিয়ে সংবাদ ছাপা হয়েছে বলে অভিযোগ করেন। যেসমস্ত অভিযোগের সাথে তার ন্যুনতম সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার সাংবাদিক পরিচয়দানকারী মোঃ ফারুক তার কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করেন অন্যথায় তার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ পরিবেশনসহ অপহরণ করে গুম হত্যা করার প্রকাশ্যে হুমকী প্রদান করে। সাংবাদিক ফারুককে ২০ হাজার টাকা প্রদান করার কথাও উল্লেখ করেন তিনি। কিন্তু সে তার দাবীকৃত চাঁদার টাকা আদায় করতে না পেরে বিভিন্ন জনকে ক্ষেপিয়ে তুলছে বলেও অভিযোগ করেন। এছাড়া রফিকুল ইসলাম রাজু, মহব্বত আলী, রিনা বেগম, আবু জাফর,মোঃ মঈন উদ্দিন, সাগর পাটোয়ারীসহ আরো অনেকেই তার ও তার পরিবারকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন। তাদের রোষানল থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান তিনি।
উল্লেখ্য বিগত ১২বছর পূর্বে আনসারে চাকুরিকালীন সময়ে অসুস্থতার কারণে নির্দিষ্ট সময়ে চাকুরিতে যোগদান করতে না পারায় ফরিদ খন্দকারকে চাকুরিচ্যুত করা হয় বলেও জানান তিনি।
