খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে বেআইনিভাবে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে টোল আদায় কেন্দ্র স্থাপন, ময়লা আর্বজনা ফেলা ও বিভিন্ন সংস্থা হতে কর আদায়ের প্রতিবাদ জানিয়েছেন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা। বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়েছে খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম দীর্ঘ একদশকের বেশি সময় ধরে ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে পৌর টোল আদায় করে আসছেন। এই টোল আদায় থেকে ইউনিয়ন পরিষদ এলাকার কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যও বাদ যাচ্ছেনা। গোলাবাড়ী ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশ ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচার (বিনা) থেকেও পৌর কর আদায় করা হচ্ছে।
এছাড়া খাগড়াছড়ি পৌরসভা সম্প্রসারণ বিষয়ে সর্বশেষ জরিপ অনুযায়ী গোলাবাড়ী ইউনিয়নের ১ থেকে ৬নং এবং ৭ ও ৮ ওয়ার্ডের আংশিক পৌরসভায় অন্তর্ভূক্ত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এরফলে ৩নং গোলাবাড়ী ইউনিয়ন বিলুপ্তি হয়ে যেতে পারে। সংবাদ সম্মেলন থেকে এই পরিকল্পনা বাতিলেরও দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্য কংচাই মারমা, পহেলী চাকমা, ক্রাইউ মগিনী, রেম্রাচাই মারমা, সৈয়দ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Previous Articleলোকচক্ষুর আড়ালে উদ্ভিন্ন গিরি নির্ঝর
Next Article চাঁদার জেরে মাছ শিকার বন্ধ কাপ্তাইয়ে
