১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা খাগড়াছড়ি জেলা যুবলীগের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। শহরের জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা।
এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদের সদস্য মংসাপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল. জুয়েল চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগস্ট মাসেই হায়েনারা বার বার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির ওপর আক্রমণ করেছে। যে ষড়যন্ত্রে জাতির পিতাসহ তাঁর পুরো পরিবারকে হত্যা করেছিল ঠিক একই রকম ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার অপচেষ্টা চালিয়েছিল। বক্তারা ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের সদস্যদের হত্যাকারীদের সাজা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
