রাঙামাটিতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন করলেন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম। জেলা প্রশাসনের গঠিত ইফা (ইসলামিক ফাউন্ডেশন) টিমের সাথে মৃত ব্যক্তির গোসল ও দাফন কাজে অংশ নেয় এই টিম। মঙ্গলবার রাতে রাঙামাটি শহরের তবলছড়িস্থ পোস্ট অফিস কলোনীর মৃত আব্দুল আজিজের ছেলে সুরত আলী(৪০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। সুরত আলী জেলা যুবলীগের সদস্য। জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে দাফন কাজে অংশ নেয় গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমের জেলা সমন্বয়ক ইয়াছিন রানা সোহেল। রাত তিনটার দিকে জানাজা শেষে হযরত আব্দুল্লাহ ফকির(রহঃ) মাজার সংলগ্ন কবরস্থানে সুরত আলীকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন ইফা টিমের সদস্য মাওলানা মাওলানা মোঃ মিরাজ। দাফন কাজে অংশ নেয় গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমের সিরাজুল মোস্তফা, মোঃ মামুন ও মজনু মিয়া। করোনা ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন ও সৎকার কাজের জন্য জেলা গাউছিয়া কমিটির পক্ষ থেকে রাঙামাটি জেলার প্রতিটি উপজেলায় স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়।
