করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে বাজারে জীবাণু নাশক পণ্যের চাহিদা সবচে বেশি। আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে রাঙামাটি সরকারি কলেজের ট্যাগ লাগিয়ে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে কতিপয় অসাধু ব্যবসায়ী। বাজারে আনা এসব হ্যান্ড স্যানিটাইজারে কলেজটির নামের পাশাপাশি প্রস্তুুতকারক হিসেবেও লেখা হয়েছে কলেজটির রসায়ন বিভাগের প্রভাষক সঞ্জয় দে’র নাম।
এদিকে এসব হ্যান্ড স্যানিটাইজার নিজেদের প্রস্তুতকৃত নয় বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি সরকারি কলেজ। সোমবার বিকালে তাদের নিজস্ব ওয়েবসাইটে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো: মঈন উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, ‘এই ধরনের হীন কর্মকান্ডের সাথে কলেজ প্রশাসনের কোন সংশ্লিষ্টতা নেই, কলেজ প্রশাসন এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছে’।
বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়,‘ চলমান করোনা মহামারীর শুরুতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মত রাঙামাটি কলেজও সাধ্যমত হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে এবং বিনামূল্যে বিভিন্ন জায়গায় বিতরণ করে।’
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের শাস্তির আওতায় আনার আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের সবচে পুরেনো এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
