রাঙামাটির লংগদুতে আরও এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, ‘জেলা সিভিল সার্জন অফিসসূত্রে কিছুক্ষন আগে জানানো হয়েছে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত স্বাস্থ্যকর্মী ফার্মাসিস্ট হিসেবে কর্মরত আছেন। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই।’
এদিকে প্রথমবার শনাক্ত হওয়া নারায়ণগঞ্জ ফেরত শ্রমিক দম্পতির দ্বিতীয় পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীন জানান, ‘ লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা শনাক্ত হওয়া দুই কর্মীকে নিজ নিজ বাড়ীতে কোয়ারেন্টানে রাখা হয়েছে। এবং তাদের বাড়ীগুলোকে লগডাউন করা হয়েছে। এছাড়াও লংগদুতে নারায়ণগঞ্জ ও গাজীপুর ফেরত চারশতাধিক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রায় শেষের দিকে। ইতোমধ্যে যাদের ১৪ দিন পার হয়েছে তাদের বাড়ীতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, গত ১৪ মে প্রথমবারের মতো লংগদুতে নারায়নগঞ্জ ফেরত এক শ্রমিক দম্পতির করোন শনাক্ত হয়। মে মাসের ৪ তারিখ থেকে কয়েক দফায় নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে তিন শতাধিক শ্রমিক লংগদুতে ফেরেন। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখেছে উপজেলা প্রশাসন।
