করোনা মুক্ত থাকা দেশের একমাত্র জেলা পার্বত্য রাঙামাটিতে অবশেষে করোনা হানা দিয়েছে। বুধবার চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এই জেলায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা: মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, আমরা চট্টগ্রাম থেকে বিষয়টি কিছুক্ষন আগেই নিশ্চিত হয়েছি। আক্রান্তদের মধ্যে একজন রাঙামাটি সদর হাসপাতালের নার্স বলে নিশ্চিত করেন তিনি।
রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো ২৯ এপ্রিল, আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভবাজার, একজন দেবাশীষ নগর,একজন সদর হাসপাতাল এলাকা এবং আরেকজন মোল্লাপাড়া এলাকার।
বুধবার চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়। আক্রান্তদের একজনের বয়স ৯ মাস, একজনের ১৯,একজন ৩৮ এবং একজন ৫০ বছর।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হবে এবং যেহেতু ৭ দিন আগে ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো এবং আজকে পজিটিভ ফলাফল আসল, সেই নমুনা আবার সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।
