করোনা ঝুঁকির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো এবং ভারতে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া কয়েকহাজার বাংলাদেশী নাগরিক দেশে প্রবেশ করছে বিশেষ বিমানে। এদের মধ্যে অন্তত: ২০০ জন পার্বত্য জেলা রাঙামাটির। রাঙামাটির বাসিন্দা এসব প্রবাসিরা আগামী ২২ এপ্রিল চট্টগ্রাম বিমানবন্দর হয়ে দেশে প্রবেশ করছেন এবং ওইদিনই বিশেষ ব্যবস্থায় আসবেন রাঙামাটি।
এই ২০০ জন প্রবাসিকে নিয়ে উদ্বিগ্ন রাঙামাটির স্থানীয় প্রশাসনও। তাই জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে এই ২০০ জনকে শহরে প্রবেশ করতে না দিয়ে রাঙামাটি শহরের আগেই,সাপছড়িতে অবস্থিত কৃষি ইন্সটিটিউটে এদের ১৪ দিনের কোয়ারেন্টিন করা হচ্ছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র। সূত্রটি জানিয়েছে, রাঙামাটিবাসির সুস্থতার বিষয়টি নিশ্চিত করতে,জেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী এই কোয়ারেন্টিন পরিচালনা করবে। সার্বিকভাবে পুলিশ ও অন্যান্য আইনশৃংখলাবাহিনীও সহযোগিতা করবে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, রাঙামাটিবাসির টেনশন করার কিছু নেই। বিষয়টি নিয়ে আমরা সিরিয়াস। সেনাবাহিনীই বিষয়টি দেখবে। ১৪ দিন কড়া কোয়ারেন্টিনের পরই তারই নিজ নিজ বাড়িতে যেতে দেয়া হবে। আমরা কোনভাবেই এই ব্যাপারে ছাড় দিবনা।’
