বান্দরবানে মাল বোঝাই ট্রাক উল্টে মো: জমিরুল নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এসময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান-কেরানীহাট সড়কের মানুরটেক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই একজন বিজিবি সদস্যের মৃত্যু হয়। নিহতের নাম মো: জমিরুল। সে বিজিবি বরকল ৪৫ ব্যাটেলিয়নের সদস্য বলে জানা গেছে। এসময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বিজিবি সদস্য মারা গেছে। আহত হয়েছে আরও কয়েকজন। হতাহতদের উদ্ধার করে বায়তুল ইজ্জত বিজিবি হাসপাতালে নেয়া হয়েছে।