পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন করে প্রবাসী ও বিদেশ ফেরত আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শুক্রবার রাত সাড়ে ছয়টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাতটা পর্যন্ত রাঙামাটিতে ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। বৃহস্পতিবার রাত সাতটা থেকে শুক্রবার রাত সাড়ে ছয়টা পর্যন্ত নতুন করে আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সবাই প্রবাসী ও বিদেশ ফেরত। এর মধ্যে ভারত, সৌদি আরব ও ওমানসহ অন্যান্য দেশের রয়েছে। এ পর্যন্ত রাঙামাটিতে সর্বমোট ৪৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো।
এদিকে গত বুধবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত রাঙামাটির ঠিকানা ব্যবহার করে ২৪৩ জন দেশে ফেরত এসেছেন। যাদের এখনো হোম কোয়ারেন্টিনে রাখা যায়নি, তাদেরকে খোঁজা হচ্ছে।
