রাঙামাটির কুতুকছড়ি থেকে আটক শঙ্খদীশ কুমার বড়ুয়া ও নানিয়ারচরের বেতছড়ি এলাকা থেকে আটক দিগন্ত চাকমাকে ইউপিডিএফের কর্মী উল্লেখ করে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
মঙ্গলবার (৩ মার্চ) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি শঙ্খদীশ কুমার বড়ুয়া একজন ‘কাঠ ব্যবসায়ী’ ও দিগন্ত চাকমা নানিয়ারচর সদর ইউপি’র ৯ নং ওয়ার্ডের মেম্বার উল্লেখ করে বলেন, তারা উভয়েই কোন সময় ইউপিডিএফের কর্মী ছিলেন না। তারা নিজ নিজ পেশায় নিয়োজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্পূর্ণ মিথ্যাভাবেই তাদেরকে ইউপিডিএফ কর্মী হিসেবে জড়িত করা হয়েছে।
বিবৃতিতে, সাধারণ মানুষকে অন্যায়ভাবে আটকের পর অস্ত্র গুঁজে দিয়ে ইউপিডিএফ কর্মী সাজানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকারের নিপীড়ন-নির্যাতন চুক্তিপূর্ব পরিস্থিতির চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। এখন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষও এই অন্যায় নিপীড়ন-নির্যাতন থেকে মুক্ত থাকতে পারছে না।
বিবৃতিতে তিনি ইউপিডিএফসহ সাধারণ জনগণের ওপর অন্যায় নিপীড়ন-নির্যাতন বন্ধ করা ও আটককৃতদের মুক্তির দাবি জানিয়েছেন।
একই সাথে তিনি শুধু মাত্র আইন-শৃঙ্খলা বাহিনীর দেয়া মিথ্যা তথ্য প্রচার না করে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সকল সংবাদ মাধ্যমের প্রতিও আহ্বান জানিয়েছেন। ( বিজ্ঞপ্তি)
