সারা বছরের ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটি দিন, পরিবার পরিজন নিয়ে একটু আলাপ আলোচনা, একটু অনুভূতি প্রকাশ, সকলের মধ্যে আরো একটু সম্পর্কের উন্নতি, সর্বোপরি সব ব্যস্ততাকে বাদ দিয়ে একান্তে একটি দিন কাটানো। এ ধরনের উদ্দেশ্য নিয়েই প্রতিবছরের মতো রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের আসামবস্তির থেকে নৌ পথে ১০ মিনিটের পথ নতুন পর্যটন স্পট ডিভাইন লেক আইল্যান্ডে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলন মেলার শুরুটা হয় শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাট থেকে লঞ্চের মাধ্যমে সাংবাদিক পরিবারের সকল সদস্যদের যাত্রার মাধ্যমে। সকাল ৯টায় যাত্রা শুরু হয়ে সকাল সাড়ে ১০টার মধ্য ডিভাইন স্পটে গিয়ে শুরু হয় মিলন মেলার আনুষ্ঠানিকতা।
জেলার ছয়টি সাংবাদিক সংগঠন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি, রাঙামাটি সাংবাদিক ফোরাম, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, রাঙামাটি জার্নালিস্ট এসোসিয়েশন, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্ক ও রাঙামাটি সাংবাদিক সমিতি উদ্যোগেই এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলার শুরুতে সাংবাদিকদের পরিবারের সদস্য শিশু কিশোরদের দিয়ে নানা ধরনের খেলাধূলার আয়োজন করা হয়, পাশাপাশি নারী-পুরুষদের জন্য ও নেয়া হয় বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানে যোগ দেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন, রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি, লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিমসহ রাঙামাটির বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংবাদিকদের মিলনমেলায় যোগ দিয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, রাঙামাটিতে কর্মরত ৬টি সংগঠনের নেতৃত্বে আজকের এ মিলনমেলা অত্যন্ত প্রশংসনীয়, তবে সব সাংবাদিক সংঘবদ্ধ থেকে একটি ব্যানারে আসলেই ভালো। তিনি বলেন, সাংবাদিকরা সবসময়ই ব্যস্ত থাকেন, যখনই ঘটনা তখনই তাদের ছুটে যেতে হয় সংবাদের খোঁজে। শত ব্যস্ততার মাঝে ও বছরের একটি দিন সকল সাংবাদিকসহ পরিবারের সকলকে নিয়ে এ ধরনের আয়োজনে আমি মুগ্ধ। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহবান জানান জেলা প্রশাসক।
রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবীর বলেন, সাংবাদিকদের মিলনমেলায় এসে আমি বিমোহিত। তাদের মাধ্যমে এসে পর্যটন শহর রাঙামাটির নতুন একটি দর্শনীয় স্থানের সাথে পরিচিত হলাম, এ নতুন স্পটটি অনেক সুন্দর। এভাবে সকলে এগিয়ে আসলে পর্যটন শহর রাঙামাটি অনেক দূর এগিয়ে যাবে। তিনি আরো বলেন, সাংবাদিকদের মিলন মেলায় এসে সকলের সাথে যে ভাব বিনিময় করতে পারলাম তা আমার আজীবন মনে থাকবে। বক্তব্য দেয়ার আগে পুলিশ সুপার একটি গান পরিবেশন করেন।
আলোচনার পাশাপাশি রাঙামাটির স্পর্শ ব্যান্ডের শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংবাদিকদের মিলনমেলা আরো আনন্দমুখর হয়ে উঠে। তাদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জিটিভি প্রতিনিধি মিল্টন বাহাদুর, চ্যানেল আই প্রতিনিধি সাংবাদিক মনসুর আহম্মেদ মান্না, ফ্রি ল্যান্সার সাংবাদিক লিটন শীলসহ সাংবাদিক পরিবারের বিভিন্ন সদস্যরা। সংগীতের ফাঁকে ফাকে চলে র্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে জয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরণ।
