সোমবার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষর্থীদের মাঝে রুটিন কার্ড বিতরণ ও শুভেচ্ছা বিনিয়ম করে নিজেদের উপস্থিতিই যেনো জানান দিলো রাঙামাটি জেলা ছাত্রলীগের ‘বিদ্রোহী’ অংশটি। মাত্র কদিন আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা সভাপতি ও সাধারন সম্পাদককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে নিজেদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা সাইফুল আলম রাশেদ ও এই কমিটি ঘোষণার পর ‘পদ থেকে অব্যাহতি’ পাওয়া সুলতান মাহমুদ বাপ্পার নেতৃত্বে এই কর্মসূচীতে দেখা গেছে সহ-সভাপতি রূপন দাশ, পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা, সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার সোমা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি বেলাল হোসেন রুবেল, পৌর শাখার সাধারণ সম্পাদক অপু সিং লেপচা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শরীফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক সোহেল রানা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আকিব মাহমুদ, মেহেদী হাছান, লালচা বম সহ অনেক নেতাকর্মীকে।
রাঙামাটি জেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে সোমবার দুপুরে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি জেলা, পৌর, সরকারি কলেজ ও সদর উপজেলা শাখার উদ্যোগে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এই রুটিন কার্ড বিতরণ করা হয়।
কর্মসূচি প্রসঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রাশেদ জানিয়েছেন, ‘জননেতা দীপংকর তালুকদার ও মুছা মতব্বরের পক্ষ থেকে এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন কার্ড বিতরণ করা হয়েছে। আমি ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর থেকেই ছাত্রলীগকে মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। এছাড়া আমরা দ্রুততম সময়ের মধ্যে জেলা সম্মেলনের অনুষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছি।’
তবে এদিন ছাত্রলীগের এই অংশটি ছাড়া সুজন-প্রকাশ কমিটির কোন কার্যক্রম চোখে পড়েনি। আর এদিন কোন কর্মসূচী ছিলো কিনা জানার জন্য যোগাযোগ করা হলে একাধিকবার চেষ্টা করেও সাধারন সম্পাদক প্রকাশ চাকমার মুঠোঠোন বন্ধ পাওয়া যায়। 
