রাঙামাটি শহরের তবলছড়ি বাজারের ঐতিহ্যবাহি ক্রীড়া সংগঠন সৃষ্টি স্পোর্টিং ক্লাব মীর শাকিল নামের এক সদস্যকে ক্লাবের সকল কার্যক্রম ও সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে। সাম্প্রতিক সময়ে নানান ঘটনায় শহরে আলোচিত এই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ৩০ জানুয়ারি রাঙামাটির কোতয়ালি থানায় ‘হত্যাচেষ্টা’ মামলা করেছেন ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নাসিরের স্ত্রী সালেহা আক্তার।
সৃষ্টি স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল মোমেন এবং সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম জনি’র যৌথ সাক্ষরে দেয়া এক নোটিশে বলা হয়েছে, ‘ক্লাবের সদস্য মীর শাকিল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের অসামাজিক ও অপরাধমূলক কাজে জড়িক রয়েছে। যার দরুন ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই ক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে মীর শাকিলকে ক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো।’
নোটিশে আরো বলা হয়, ‘ভবিষ্যতে তার (মীর শাকিল) যে কোন অসামাজিক ,অনৈতিক ও সংগঠন পরিপন্থী কর্মকান্ডের দায়ভার সৃষ্টি স্পোটিং ক্লাব বহন করবে না।’
ক্লাবটির সাধারন সম্পাদক খোরশেদ আলম জনি জানিয়েছেন, ‘ মীর শাকিলের কারণে আমাদের ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে একের পর এক অসামাজিক,অনৈতিক কাজ করে আসছে। এরই প্রেক্ষিতে ক্লাবের সুনাম রক্ষায় আমরা তাকে সংগঠন থেকে বের করে দিতে বাধ্য হয়েছি।’ খোরশেদ জানান, ‘ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ আছে। ওর কর্মকান্ডের কারণে আমরা বিব্রত ছিলাম।’
প্রসঙ্গত, ছাত্রলীগ কর্মী মীর শাকিল গত ২৭ জানুয়ারি যুবলীগ নেতা নাসির হত্যাচেষ্টার ঘটনায় তার স্ত্রীর দায়ের করার মামলারও আসামী।
