পার্বত্য জেলা রাঙামাটিতে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাঙামাটি শহরে এ র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙামাটি কার্যালয়ের আয়োজনে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে মাদকবিরোধী র্যালি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে মাদকবিরোধী সমাবেশে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদও অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ ; ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন’।
এসময় কর্মসূচিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক উপস্থিত ছিলেন। মাদকবিরোধী র্যালি ও সমাবেশে জেলা রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক এখন একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। পরিবারের অসচেতনতার কারণেই অনেক সন্তান মাদকের দিকে ঝুঁকে পড়ছে। আমাদেরকে পরিবার থেকেই এই ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হতে পারে। মাদকের বিরুদ্ধে সরকার শূন্য সীমারেখা ঘোষনা করেছে। এসময় তারা মাদকনির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান।
