পাহাড়ে বসবাসকারি বাঙালীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিরোধীতা আর ঘেরাওয়ের মধ্যেই নির্ধারিত সময়ের একঘন্টা পর রাঙামাটিতে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা।
রবিবার সকাল দশটায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ভবনে স্থাপিত কমিশনের জেলা কার্যালয়েই এই পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা।
কিন্তু সকাল আটটা থেকে পার্বত্য বাঙালীভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা সভাস্থল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রবেশপথে অবস্থান নিয়ে ঘেরাও করে রাখে। প্রধান সড়কটি অবরুদ্ধ থাকায় এসময় রাঙামাটি শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘেরাওয়ের মধ্যেই কমিশন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক এসে বাঙালীদের বাঁধার মুখে পড়েন । এসময় তিনি ঘেরাওকারিদের সাথে পৃথক বৈঠক এবং তাদের দাবিদাওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়া এবং দেশের সংবিধান ও আইনের বাইরে কিছু না করার ঘোষণা দিলে ঘেরাওকারিরা ঘেরাও তুলে নিয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে চলে যায় এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন।
ঘেরাও তুলে নেয়ার পর নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর বেলা এগারোটায় আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা, কমিশনের সদস্য তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান,বোমাং ও চাকমা সার্কেল চীফ উপস্থিত হলে শুরু হয় কমিশনের নির্ধারিত বৈঠক।
