খাগড়াছড়িতে পিতাকে হত্যার দায়ে ছেলে এরফান আলীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদন্ডও দেন বিচারক। সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রামগড় উপজেলার বলিটিলা এলাকায় মাদকাসক্ত ছেলে এরফান আলী পিতা জসিম উদ্দীনকে নিজ ঘরে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় এরফানের মা আনোয়রা বেগম চিৎকার করলে পার্শ¦বর্তী লোকজন এসে ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ছেলেকে আসামি করে মা আনোয়ারা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩১ আগস্ট মামলার একমাত্র আসামি এরফানকে আসামি করে চার্জশীট প্রদান করে পুলিশ।
মামলার এজাহারে বাদী বলেন, তার স্বামী প্রবাসী জসিম উদ্দিন ঘটনার ৬ মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন। নেশাগ্রস্ত এরফান মাদক সেবনের টাকা চেয়ে পিতার সাথে প্রায় বাক বিতন্ডায় জড়াতো। তারই জেরে তার স্বামী জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে এরফান আলী।
মামলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করে।
