উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২ অক্টোবর অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।
রাঙামাটি ফ্রেন্ড্স ক্লাব লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার পযর্টন কমপ্লেক্সে মিলনায়তনে ওই দলকে সংবর্ধনা দেয়া হয়। পর্যটন কমপ্লেক্সে মঙ্গলবার পর্যটন হলিডে হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রেন্ড্স ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য সাবেক পার্বত্যমন্ত্রী দীপংকর তালুকদার।
আয়োজিত সংবর্ধনা সভায় জুরাছড়ি জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এর আগে কাবাডি দলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জুরাছড়ি উপজেলার ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক পূরবী চাকমা বলেন, ‘আমরা প্রতিটি দলকে সহজে পরাজিত করেছি। তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ আমরা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারব।’
দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙামাটির ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করেছে। কাবাডিসহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙামাটির খেলাধূলার আরও উন্নতি ঘটবে বলে তিনি উল্লেখ করেন। খেলোয়াড়দের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
