রাঙামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের দুটি এলাকা পোস্ট অফিস কলোনী ও ওয়াপদা কলোনী। সরকারি চাকরিজীবী ও স্থানীয়দের প্রায় ২০০-২৫০ পরিবারের বসবাস। এলাকাগুলো যাতায়তের একটাই সড়ক যে সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াপদা কলোনী ও পোস্ট অফিস কলোনীর সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে ভরপুর। বিশেষ করে ওয়াপদা কলোনী মোড় থেকে দুর্নীতি দমন কমিশনের অফিসের পাশ হয়ে পোস্ট অফিস কলোনী পর্যন্ত সড়কটিতে বেশি খানাখন্দ দেখা যায়। এলাকাটিতে দুদক ও পানি উন্নয়ন বোর্ডের অফিসও রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো: রাজু বলেন, আমরা দীর্ঘদিন ধরে এমন খানাখন্দ ভরা সড়ক ব্যবহার করছি এ ছাড়া আমাদের অন্যকোন উপায়ও নাই।
আব্দুল জলিল বলেন, অনেক আগেই এ সড়কটি তৈরি করা হয়েছিল এরপর থেকে আর কোন সংস্কার হয় নাই সড়কটা। এখন সড়কটি সংস্কার করা খুবই জরুরি। তাই অনুরোধ করবো কর্তৃপক্ষকে শীঘ্রই যাতে সড়কটি মেরামত করে দেয়।
এ বিষয়ে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান বাবু, সড়কটি মেরামতের জন্য প্রকল্পে যুক্ত করা হয়েছে। খুব দ্রুততম সময়ে সড়কটি মেরামত করা হবে।
