মনিকাদের আঁতুড়ঘর খ্যাত রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলের পাশে দাঁড়ালেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় একেএম মানুনুর রশিদ বলেন, এ বিদ্যালয় থেকে বেশ কিছু প্রতিভাবান নারী ফুটবলার জাতীয় দলে সুনামের সাথে খেলছে। এদের মধ্যে আনুচিং, মনিকা, রূপনা আনাই উল্লেখযোগ্য। এখানে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমি বিশ্বাস করি, তারাও একদিন জাতীয় দলে খেলে দেশের পাশাপাশি এ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।
মানুনুর রশিদ বলেন শত প্রতিকূলতার মাঝেও এ স্কুলের মেয়েরা ফুটবল খেলা চালিয়ে যাচ্ছে। যা সত্যই গর্ব করার মতো। ওদের মাঠের অবস্থা ভাল নয়, ফুটবল খেলার মত পর্যপ্ত সরঞ্জাম ছিলো না। তাছাড়া খাওয়া-দাওয়ারও সমস্যা আছে। সকল সমস্যা এক সাথে সমাধান করা সম্ভব না, পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো যাতে সমস্যাগুলো সমাধান করার।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের বালিকা ও বালক ফুটবল দলকে এক সেট করে জার্সি প্রদান করেন। বালিকা দলের বুট কেনার জন্য নগদ ১০ হাজার টাকা ও খাবারের জন্য চাল, ডাল, নুডুলস্ প্রদান করেন এবং এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে বলে মন্তব্য করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের খেলোয়াড়দের প্রতি সুদৃষ্টি রাখার অনুরোধ করেন।
এ সময় রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষে থেকে দুটি ফুটবল ও এক সেট ক্রিকেট খেলার সামগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শতরূপা তালুকদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শফিউল আজম, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান উপস্থিত ছিলেন।
