অরণ্যসুন্দরী সাজেকে অজ¯্র রিসোর্ট,কটেজ,মোটেলের ভীড়ে যাত্রা শুরু করলো আরো একটি রিসোর্ট,যার নাম ‘খোয়াল বুক’। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে রবিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রিসোর্টটি। চার কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এ রিসোর্টটি সাজেক ভ্যালিতে নির্মাণ করার মাধ্যমে জেলায় এই প্রথমবারের মতো কোন পর্যটনস্পটে ব্যবসাবান্ধব কোন উদ্যোগ গ্রহণ করলো রাঙামাটির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি।
‘খোয়াল বুক’র উদ্বোধনকালে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘ বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের সার্বিক জীবন মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যূৎ, দূর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে পাহাড়ের পর্যটন শিল্পের বিকাশে ও পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে রাঙামাটি জেলা পরিষদের এই উদ্যোগ প্রশংসনীয়।
বাঘাইছড়ির রুইলুই পাহাড়ের উপর নির্মিত রিসোর্টটির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য সান্তনা চাকমা, সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী সহ রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতা জ্যোর্তিময় চাকমা কেরল।
